
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের রওশনহাট এলাকায় কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে এলডিপি সমর্থক মোঃ মানিকের মাটি কাটার ভেকু ভাঙচুরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপির মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপের মোঃ খোকার সাথে বিএনপির নুরুল আনোয়ার গ্রুপের লোকজনের কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
সংঘর্ষে নুরুল আনোয়ার গ্রুপের মোঃ রুস্তম (৩৫), শহীদুল ইসলাম (৩৮), মাসুদ (৩১) ও জয়ন্ত দে শিমুল (৩০) সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আহতরা চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আনোয়ার গ্রুপের সদস্য মোঃ রুস্তমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিএনপির নুরুল আনোয়ার গ্রুপ, মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপ এবং এলডিপি সমর্থক মোঃ মানিকের লোকজনের মধ্যে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান পিপিএম জানান, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন। কোন ধরনের অভিযোগ না পেলেও তারা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঐ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
Leave a Reply