নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বনভূমি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পরিচয় যেন কাজ না করে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বনভূমি রক্ষার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, বন উজাড় বা গাছ কাটার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ জড়িত থাকলে বন বিভাগকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং নদীভাঙন রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.