ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’কে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার জনৈক কামাল নামের এক ব্যক্তির। গত বছর ৩০ অক্টোবর র্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.