
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটির পাশাপাশি ভ্যালি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে।
নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে জেলা ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যেই চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কয়েক দফা সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ করতে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে তিনি প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন।
নির্বাচনের তথ্য অনুযায়ী, শুধু মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় সবচেয়ে বেশি অর্থাৎ ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া কমলগঞ্জের ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ার ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীর ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরের ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখার ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলার তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠু করতে গণমাধ্যমকর্মীদের সহায়তাও চেয়েছেন জেলা প্রশাসন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.