নওগাঁর সাপাহার আম বাজারে কৃষকদের ভ্যান ও ট্রলিতে আনা আম থেকে জোরপূর্বক ইচ্ছামতো আম তুলে নেওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহারের প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়া এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আম বিক্রি করতে আসা কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে ‘আম তোলা’র নামে চক্রটি ইচ্ছামতো আম নিয়ে নিত। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চলতি আম মৌসুমে কৃষক ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.