দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ লেঙ্গুর বিল সড়কের স্টেশন অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত অংশে দালান ভাঙা ইট ও বালু ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়।
এর আগে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
এদিকে, স্থানীয়দের দাবি আদায়ের প্রতিবাদ ও সংবাদ প্রকাশের পর সড়কটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে পৌরসভার পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ সংসদ সদস্যের নির্দেশনায় করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় দলীয় নেতা-কর্মীদের একটি অংশ।
মেরামতের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিনের সমস্যার মধ্যে অন্তত যান চলাচল স্বাভাবিক হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, “রাস্তার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছিল। এখন গাড়ি চলাচল করতে পারছে, এটি ভালো উদ্যোগ। তবে স্থায়ীভাবে কাজ না হলে আবার আগের সমস্যায় পড়তে হবে।”
তবে এ মেরামত নিয়ে রয়েছে নানা প্রশ্নও। স্থানীয়দের একটি অংশের আশঙ্কা, ইট-বালু দিয়ে করা এ ধরনের সাময়িক ব্যবস্থা বর্ষা মৌসুমে কতটা টিকবে তা নিয়ে সংশয় রয়েছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও মানসম্মত সংস্কার।
একজন সিএনজি চালক বলেন, “গর্তের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ ছিল। এখন কিছুটা সুবিধা হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান হলে চালক ও যাত্রী সবাই নিরাপদে চলাচল করতে পারবে।”
ছাত্র প্রতিনিধি রুবায়েত হোসাইন বলেন, “জনদুর্ভোগ কমাতে দ্রুত উদ্যোগ নেওয়া ইতিবাচক। তবে লেঙ্গুর বিল সড়ক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। তাই শুধু সাময়িক মেরামত নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই সংস্কার করতে হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকিও প্রয়োজন।”
স্থানীয় সচেতন মহলের মতে, জরুরি মেরামত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ কমাতে পারে, তবে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সড়কের কাঠামোগত উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, ইট-বালুর এই সাময়িক মেরামতের পর এবার লেঙ্গুর বিল সড়কের স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কারণ সড়কটি শুধু যাতায়াতের পথ নয়, স্থানীয় মানুষের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.