
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে দেশটির তানিমবার দ্বীপপুঞ্জে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে। অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত।
ভূমিকম্পের শক্তিশালী ঢেউ ইন্দোনেশিয়ার সীমানা পেরিয়ে প্রতিবেশী অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছায়। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের এলাকা।
প্রবল কম্পনের ফলে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা তা অনুভব করতে পেরেছেন। দেশটির স্থানীয় বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার বিষয়ে ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন। তবে ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। মূলত ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে এই এলাকায় শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়মিত বিরতিতে ঘটে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.