ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির সুযোগ নিয়ে কেউ ফিরছেন গ্রামের বাড়িতে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে বের হচ্ছেন ঘুরতে। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ঈদে বাড়ি যেতে পারেননি, নানা জরুরি প্রয়োজনে ঢাকায় থেকে যেতে হয়েছে কিংবা ঈদের আগে যারা ছুটি পাননি, তারা আজ বাড়ি যাচ্ছেন। যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতে চান, আজ যাত্রীর তালিকায় তারাও রয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিনও যাত্রী ছিল। তবে আজ যাত্রী আরও বেশি।
এদিকে মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের চাপ ছিল বেশ লক্ষ্যণীয়। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাসগুলোর জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও যাত্রীরা কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন।
অন্যদিকে ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিনেও আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীদের চাপ থাকলেও সবচেয়ে বেশি ভিড় ছিল কমিউটার ট্রেনের টিকিটের জন্য।
অনেক যাত্রী নির্ধারিত ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অন্য আন্তঃনগর ট্রেনে চড়ে বসছেন, ফলে সেখানেও বাড়ছে ভিড়। দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই টিকিট না পেয়ে বিকল্প পথে বাড়ির পথে রওনা হচ্ছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের পরদিন সীমিত সংখ্যক ট্রেন চলায় টিকিটের সংকট দেখা দিয়েছে। তবে বুধবার থেকে ট্রেনের শিডিউল স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.