প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ৮:৫৫ এ.এম
ঈদের পর আন্দোলনের প্রস্তুতি, সাত কলেজের শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঐতিহাসিক সাত কলেজের শিক্ষার্থীরা ঈদের ছুটি শেষে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য দ্রুত অধ্যাদেশ জারি। তারা জানিয়েছে, আগামী ১৬ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার উদ্যোগ না নিলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন, তবে এবার সড়ক নয়—ঘেরাও করা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
ইতোমধ্যে সাত কলেজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে। গত ১৭ মে রাজধানীর ইডেন মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে সাত কলেজের বিভিন্ন প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়নের অংশ হিসেবে ১৮ মে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। তবে মূল দাবি—বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অধ্যাদেশ এখনো জারি হয়নি।
এ অবস্থায় আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বলছে, সময়মতো সাড়া না মিললে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।
ঢাকা কলেজের শিক্ষার্থী বাধন রায় বলেন, “আমাদের দাবি মেনে না নিলে আমরা বাধ্য হয়ে রাজপথে নামব। অধ্যাদেশ জারি ছাড়া আমরা পিছিয়ে যাব না।”
অন্যদিকে বাঙলা কলেজের শিক্ষার্থী এবং আন্দোলনের সংগঠক শাহাদাত হোসাইন জানান, “আমরা বুঝি যে আইনি প্রক্রিয়ায় সময় লাগে। তাই যৌক্তিক সময় দিচ্ছি। তবে শেষ পর্যন্ত যদি পদক্ষেপ না আসে, আমাদের পরবর্তী কর্মসূচি কঠোর হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে অন্তর্বর্তী প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। আমরা চাই, আন্দোলনরত শিক্ষার্থীরা কোনোভাবে শিক্ষা ও সুযোগ থেকে বঞ্চিত না হয়।”
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.