
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এবারের পরীক্ষায় কলেজটি থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ২৪৭ জনই ফেল করেছেন। অর্থাৎ, এই প্রতিষ্ঠানে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশ। ফলাফলের এমন ভরাডুবির প্রতিবাদে স্থানীয় ছাত্রদলের নেতারা শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে এক অভিনব কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকালে কলেজের অফিস কক্ষে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রদলের নেতারা অধ্যক্ষ নাজমা বেগমসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে দেখা করেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ এবং সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ স্থানীয় ছাত্রদলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ফলাফল বিপর্যয়ের দায়ভার কোনোভাবেই কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে মন্তব্য করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী। তিনি জানান, তাদের পক্ষ থেকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে প্রতিবাদের অংশ হিসেবে। তার ভাষ্যমতে, ফুল তাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের ফলাফলের উন্নতির জন্য ছাত্রদল সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে, এই ঘটনায় কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের কাছে ঘটনার বিষয়ে জানতে মোবাইল ফোনে বারবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট মহলে এই ফলাফল বিপর্যয় নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.