
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।
প্রকল্পের তালিকার শীর্ষে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যাদের সাতটি প্রকল্প অনুমোদনের সুপারিশ পেয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়কগুলোতে দীর্ঘ সেতু নির্মাণ অন্যতম। এছাড়াও জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন ও দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি বড় প্রকল্পে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন করে সেচ সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ এই প্রকল্পের আওতায় রয়েছে।
অন্যান্য খাতের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। নিরাপত্তার স্বার্থে ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।
একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে, যা ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন। এর মধ্যে মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়নের কাজ রয়েছে। এছাড়া পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির নেটওয়ার্ক সম্প্রসারণের মতো প্রকল্পগুলোও এই তালিকার অংশ।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.