বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো জালিয়াত, ভোটচোর কিংবা অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে, তা রুখে দিতে হবে। এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর আপনারা ঘরে ফিরবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা–১৩ আসনে মামুনুল হকের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা–১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই এবার ১১ দল একত্র হয়েছে। আমরা একত্র হয়েছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা একত্র হয়েছি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে—যে স্বপ্ন আজ দেশের ১৮ কোটি মানুষ লালন করছে। আমাদের এই ঐক্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং অপরাধজগতের কারিগরদের বিরুদ্ধে। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন বিজয় অবশ্যম্ভাবী—ইনশা আল্লাহ।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরোধিতা করে জামায়াতের আমির বলেন, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখনও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল—যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আজ আবার আমরা দেখছি, কার ইশারায় কেন নির্বাচন কমিশন সেই একই অন্ধকার গলিপথে হাঁটার চেষ্টা করছে?
তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সব ধরনের রেকর্ডিং ডিভাইস, ক্যামেরা ও মোবাইল ফোন নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। জুলাইয়ে যেমন সেই অপকর্ম মেনে নেওয়া হয়নি, আজও তা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
ঢাকা–১৩ আসনকে একটি মর্যাদাপূর্ণ আসন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দুঃখজনকভাবে কিছু অসৎ লোক এই এলাকাকে নানা সমস্যায় জর্জরিত করে রেখেছে। এখানে বেপরোয়া চাঁদাবাজি, মাদকের রমরমা ব্যবসা চলছে। আমাদের সন্তানদের ভুল বুঝিয়ে বিপথগামী করে অস্ত্রবাজি ও দখলবাজিতে নামানো হচ্ছে। মামলাবাণিজ্য চলছে। আমরা যারা বিপথে গেছে, তাদের বুকে টেনে নিয়ে সংশোধন করে মর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তুলব।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.