
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনা হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। গত মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে আয়োজিত এক সম্মেলনকলে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে হুয়াংয়ের পদত্যাগ সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতি জানান তিনি। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে জেনসেন হুয়াং পদত্যাগ করার পর তাকে পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ শিরোনামে একটি প্রচারাভিযান শুরু হয়। তবে চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্য পরিচালনা পর্ষদের কঠোর অবস্থানেরই প্রতিফলন। জোন্স জানিয়েছেন, নতুন সিইও নিয়োগের জন্য হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলস নামে একটি নির্বাহী অনুসন্ধান প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব উপযুক্ত নেতৃত্বের সন্ধান করা হলেও তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দেওয়া হবে না বলে পর্ষদ জানিয়েছে।
উক্ত সম্মেলনকলে জোন্সের সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সিইও ও প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস এবং হাইপারস্কেল ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ান বাক। আর্থিক ও প্রযুক্তিগত কৌশলগত সব প্রশ্নের সুরাহা করতে নেতৃত্বের একাধিক প্রতিনিধিকে সামনে আনা হয়। ক্রেস জানান, হুয়াংয়ের প্রস্থানের পরও গত এক সপ্তাহে এনভিডিয়ার নেতৃত্ব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া চিপ উৎপাদনে সহযোগী প্রতিষ্ঠান টিএসএমসি-ও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে। এনভিডিয়ার চিপ উৎপাদনকারী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) নেতৃত্বও প্রতিষ্ঠানটির কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছে।
এনভিডিয়ার নতুন প্রজন্মের চিপ ‘ভেরা রুবিন’ বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকায় ক্লাউড সেবাদাতাদের সঙ্গে চলমান বিনিয়োগ ও অংশীদারত্বের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ওয়াল স্ট্রিটের ১০৯ দশমিক ১১ বিলিয়ন ডলারের পূর্বাভাসকেও পেছনে ফেলেছে এই অর্জন। এনভিডিয়া টানা ১৭ প্রান্তিক ধরে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে। এ ক্ষেত্রে আয় ৩ শতাংশ কম-বেশি হতে পারে। ফলে নতুন সিইওর জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রতিষ্ঠানের চলমান কৌশল ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা।
আগামী চতুর্থ প্রান্তিকে ১৩০ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে এর সঙ্গে চীনে ডেটা সেন্টারের চিপ বিক্রির আয় অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন সিইও পদের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের প্রার্থীকেই যাচাই করা হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসকে বর্তমান অস্থির সময়ে স্থিতিশীলতার অন্যতম মুখ হিসেবে ভাবা হচ্ছে। এছাড়া আলোচনার টেবিলে রয়েছেন এনভিডিয়ার সাবেক কর্মকর্তা এবং বর্তমানে আর্মের সিইও রেনে হাস। বাজার বিশ্লেষণ অনুযায়ী, হাসের সিইও হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ এবং ইয়ান বাকের সম্ভাবনা ১৭ শতাংশ। পূর্বাভাসভিত্তিক বাজার কালশির হিসাবে, নতুন সিইও হওয়ার সম্ভাবনায় হাসের পক্ষে বাজি ধরার হার ২৫ শতাংশ। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়ান বাকের পক্ষে ১৭ শতাংশ এবং জেনসেন হুয়াংয়ের পক্ষে ৯ শতাংশ।
এদিকে আমাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস মন্তব্য করেছেন, এনভিডিয়ার ব্যবসা অত্যন্ত জটিল হওয়ায় প্রতিষ্ঠানের ভেতর থেকেই পরবর্তী নেতৃত্ব বাছাই করা উচিত। অন্যদিকে, গত বৃহস্পতিবার ব্যক্তিগত সম্পর্কের তথ্য প্রকাশের পর হুয়াং পদত্যাগ করেন। তার বিরুদ্ধে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার দুই কর্মীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এত দিন প্রতিষ্ঠানের চিপ উন্নয়ন পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সাথে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগ এবং তথ্য সরবরাহ ছিল কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। যদিও চীন এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। একই সঙ্গে এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), যদিও সংস্থাটি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ১২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
পরিস্থিতি বিবেচনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক একটি বিশেষ কমিটি গঠন করেছে। যুক্তরাষ্ট্রে চিপ রপ্তানি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে নজরদারি বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে চীনে চিপ রপ্তানি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় লাইসেন্সসংক্রান্ত কঠোর বিধিনিষেধের মুখে রয়েছে এনভিডিয়া। হুয়াংয়ের পদত্যাগ তিন দশকের দীর্ঘ প্রতিষ্ঠাতানির্ভর নেতৃত্বের অবসান ঘটিয়েছে, যা নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সবশেষে জেনসেন হুয়াং মঙ্গলবার এক বক্তব্যে জানান, পরিচালনা পর্ষদ তাকে ফিরিয়ে আনা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর মনে করলে তিনি সম্মানিত বোধ করবেন। তবে পর্ষদ চেয়ারম্যানের সাম্প্রতিক ঘোষণায় আপাতত হুয়াংয়ের ফেরার পথ রুদ্ধ হয়ে গেছে। এই প্রতিবেদনটি রয়টার্স, দ্য জেরুজালেম পোস্ট, দ্য ন্যাশনাল ও ইন্ডিয়া টুডের তথ্যের ভিত্তিতে তৈরি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.