জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তাঁর দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই হাতিয়া থানায় তিনটি মামলা চলমান রয়েছে, যা তার অপরাধপ্রবণতার প্রমাণ বহন করে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ইসরাত রায়হান অমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে এক এনসিপি কর্মীর কাছে ভয়ংকর উসকানিমূলক বার্তা পাঠান। বার্তায় তিনি স্পষ্ট ভাষায় হুমকি দেন—আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে আব্দুল হান্নান মাসউদ, তানভীরসহ এনসিপির শীর্ষ নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। এমনকি “সরাসরি গিলে খেয়ে ফেলা হবে” বলেও ভয়াবহ বক্তব্য দেন তিনি।
এ ধরনের বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুস্পষ্ট ষড়যন্ত্র বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়া গুরুতর অপরাধ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা সহিংসতা উসকে দিতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.