
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ঠিক সামনের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকোরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান। পরে পথচারীরা আহত অপর যাত্রীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত দুই পুরুষের মধ্যে সাহাব উদ্দিনের বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালীতে এবং সাইফুল ইসলামের বাড়ি পার্বত্য লামা উপজেলায়। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম রিফাতুল মাজদার সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে সড়কের দুই পাশে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট নিরসনে কাজ শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ঈদগাঁও পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.