যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় খাইয়ে অচেতন করার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। তাদের মধ্যে অন্তরকে চক্রের মূলহোতা বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে অটোরিকশা চালক রকি মিয়া (১৯) যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর উদ্দেশে রওনা হন। পথে যাত্রীবেশে তিন ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তারা কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করালে রকি মিয়া অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর নানা রুস্তম আলী ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইকারী চক্রের সন্ধান মেলে, যারা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকদের টার্গেট করে অপরাধ সংঘটিত করত।
তদন্তের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে গত ১২ জুন গভীর রাতে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চক্রের মূলহোতা ফেরদৌস রহমান অন্তর ও তার সহযোগী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন, ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করেছেন। অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চক্রের আরেক সদস্য মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছে। তাকে গ্রেফতার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.