কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের প্রধান বাণিজ্যকেন্দ্র ফকির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাজারের দক্ষিণ পাশে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, একটি ক্ষুদ্র কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা দাহ্য সামগ্রীর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রশাসন সূত্রে জানা গেছে, আগুনে ৮০টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া জাকের পার্টির কার্যালয়সহ আরও ১৫টি ফল, জুতা, প্রসাধনী ও বইয়ের দোকান ভস্মীভূত হয়েছে।
ভূরুঙ্গামারী ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, ঈদ উপলক্ষে অনেক ব্যবসায়ী নতুন করে মালামাল তুলেছিলেন। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।#
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.