কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে গভীর রাতে বিজিবির অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া পদার্থটি প্রকৃতপক্ষে ‘আইস’ কি না, তা ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হবে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে পূর্ব রামখানার আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় ভারতের সীমান্তের দিক থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর উদ্ধার হওয়া সন্দেহজনক পদার্থের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এটি প্রকৃতপক্ষে ক্রিস্টাল মেথ ‘আইস’ কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.