
রাজধানীর কুতুবখালী খালে বারবার জমে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন সরিয়ে সচল করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উত্তর যাত্রাবাড়ী এলাকায় সোমবার দুপুরে খালের দক্ষিণ ও উত্তর অংশে পরিষ্কার ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। আগামী দুই মাসের মধ্যে এই খাল থেকে আনুমানিক ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও জমে থাকা পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় খালের মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কারের পাশাপাশি খনন করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কুতুবখালী খালের দোলাইরপাড়ের গোলাপবাগসংলগ্ন অংশ থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত এলাকা। বর্জ্য অপসারণের পাশাপাশি খালের দুই পাড় ধরে গাছ লাগানোর পরিকল্পনাও রাখা হয়েছে।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ড এলাকার এই সংস্কারকাজ সম্পন্ন হলে খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং এলাকার জলাবদ্ধতা দূর হবে। এতে অন্তত ১৫ লাখ নাগরিক সরাসরি সুফল পাবেন। পাশাপাশি জমে থাকা পলি ও ময়লা পরিষ্কার হলে মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল অনেকটাই কমে আসবে। সংস্থাটির হিসাবে, এতে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কুতুবখালী খালটি পূর্বেও কয়েকবার পরিষ্কার করা হয়েছিল, কিন্তু অসচেতনভাবে বর্জ্য ও পলিথিন ফেলার কারণে তা আবারও ভরাট হয়ে যায়। নাগরিকদের সচেতনতা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি খালে নতুন করে ময়লা না ফেলা, খালের জায়গা দখল করে দোকান না বসানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
গত ১৬ নভেম্বর থেকে ডিএসসিসির আওতাধীন ২২টি খাল পুনরুদ্ধার, পরিষ্কার ও পুনঃখননের বিশেষ অভিযান শুরু হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খালের সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.