কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে স্কুলের এক ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:বাচ্চু মিয়া এবং ওই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে যেখানে দেখা যায় শিক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছেন।
তদন্তে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছিলেন।
বিষয়টি নজরে আসামাত্র শিক্ষামন্ত্রী এ বিষয়ে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলা দায়েরের পর গত রাতেই দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.