কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায়
দাউদকান্দি মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করে। গ্রেপ্তাররা হলেন দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন এবং জিংলাতুলি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া।
পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকায় মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সমর্থনে একাধিক ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারীরা অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও প্ররোচিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.