কুমিল্লায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)'র অধীন বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.