
খাগড়াছড়িতে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে একটি জিপ গাড়ি এবং গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা মো. এমাজ উদ্দিন শাহীনের মালিকানাধীন জিপ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ির মালিক জানান, প্রতিবেশী ও বাজারের নাইট গার্ড তাকে ফোন করে জানান যে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ব্যবহার করে তার গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে দেখেন। এছাড়া দায়ীরা রাস্তায় টায়ার জ্বালিয়েও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
একই সময়ে গুইমারা উপজেলার হাফছড়িতে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করেছেন যে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রাতেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, অগ্নিসংযোগে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টাও করা হয়েছে। দুর্বৃত্তরা দীঘিনালার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা এবং গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে রাস্তা বন্ধের চেষ্টা করলে ফায়ার সার্ভিস সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.