
খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। সাদিক কায়েম লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’।
সাদিক কায়েম আরও জানান, হামলার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সৌভাগ্যবশত আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে, ফলে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত এই মেয়র প্রার্থী ঘটনাটিকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সাদিক কায়েম লিখেছেন, জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ওপর হামলা ও ভীতি প্রদর্শন করে আওয়ামী লীগ পুনরায় প্রাসঙ্গিক হওয়ার স্বপ্ন দেখছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে তাঁদের দমানো যাবে না, বরং ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। সাদিক কায়েম লিখেছেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবার এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।
এদিকে, এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার এক বিবৃতিতে তিনি এই ঘটনার কঠোর নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.