কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে এসে একটি বসতঘরের আঙিনায় ঢুকে পড়েছে। হাতিটিকে নিরাপদে বনে ফেরাতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, সকালে গুলিবিদ্ধ ও আহত হাতিটি লোকালয়ে ফিরে এসে একটি বসতঘরের আঙিনায় অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে হাতিটিকে বনের দিকে ফেরানোর চেষ্টা করেন।
তিনি জানান, হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। ধীরে ধীরে বনের কাছাকাছি গেলেও এখনো পুরোপুরি বনে প্রবেশ করেনি। বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা করছেন। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, হাতিটির বর্তমান অবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.