দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও নুসাইফার বাবা মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় মেয়েটির বাবা আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয় এবং একজন আহত হন। ঘটনাটিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.