
কক্সবাজারের চকরিয়ায় রোববার দুপুরে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা ও হারবাং স্টেশন সংলগ্ন সাইফা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা দুটি ঘটে। চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পৌনে ১২টার দিকে হারবাং গয়ালমারা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৬২)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের মৃত আবুল খায়েরের ছেলে।
একই মহাসড়কের হারবাং স্টেশন সংলগ্ন সাইফা কমিউনিটি সেন্টারের সামনে দুপুর সোয়া ১২টার দিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সেনাবাহিনীর একটি ডাবল কেবিন গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মাস বয়সী শিশু আরহাম ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত আরহাম চকরিয়া উপজেলার ভান্ডারীর ডেবা এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের সন্তান। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এই দুর্ঘটনায় আহত অন্যদের মধ্যে ফাহমিদা ইয়াছমিন লাকী, উর্মি আক্তার, আরশী জান্নাত ও জাফর আলম রয়েছেন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় উদ্ধার তৎপরতা ও পুলিশের ভূমিকা ছিল সক্রিয়। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.