চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১ শত ১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শুক্রবার সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১'শ ২০ জন বলী অংশ নেন।
গত বছর জব্বারের বলীখেলায় প্রথমবার অংশ নিয়েই শরীফ বাজিমাত করেন। রানার্সআপ হন রাশেদ। এ বছর প্রথম রাউন্ডে ৮০ জন অংশ নিয়েছিলেন। পরে প্রথম রাউন্ডের চারজন ও আগের বছরের শীর্ষ চারজন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড।
চ্যালেঞ্জ রাউন্ডে চট্টগ্রামের কাঞ্চনকে হারিয়ে কুমিল্লার কামাল, নিজ জেলা কুমিল্লার দিপুকে হারিয়ে শরীফ, সীতাকুণ্ডের রাসেলকে হারিয়ে ১'শ ১৪তম আসরের সেরা কুমিল্লার শাহজালাল ও রাঙামাটির রুবেলকে হারিয়ে কুমিল্লার রাশেদ সেমিফাইনাল নিশ্চিত করেন।
সেমিফাইনালে শরীফ নিজ জেলার কামালকে হারিয়ে ও রাশেদ তাঁর অগ্রজ শাহ জালালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। বলীখেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিজয়ী ও রানার্সআপকে শিরোপা তুলে দেন।
এর আগে খেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়। আজ সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা ও আশপাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে। বেলা বেড়ে বিকেলে লাখো মানুষের সমাগম ঘটে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই বলীখেলার উদ্বোধন করেন।
চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলীখেলা নামে পরিচিত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.