চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরু করার আগেই পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন।
পরে ওই এলাকা ও আশপাশে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.