চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল চক্র ও সিন্ডিকেটের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও দূরবর্তী গ্রামাঞ্চল থেকে স্বল্প খরচে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগী ও স্বজনদের টার্গেট করে প্রতারণা করে আসছিল দালাল চক্র।
তিনি বলেন, দালালরা কখনো ওষুধ সরবরাহ, কখনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, কখনো চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া কিংবা হাসপাতালে শয্যা ব্যবস্থার কথা বলে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায় করে। বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে।
তিনি আরও জানান, অভিযানের আগে কয়েকদিন ধরে সাদা পোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করে দালালদের কর্মকাণ্ডের ভিডিও ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়।
অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন জানান, এসআরবির দালালবিরোধী অভিযানের বিষয়টি অবগত আছি। হাসপাতালের পক্ষ থেকেও সহযোগিতা রয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এ ধরনের অনিয়ম কমিয়ে আনা সম্ভব।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.