জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একইসঙ্গে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৫ এপ্রিল) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বুলেট বৈরাগী পড়াশোনা শেষে কাস্টমসে কর্মরত ছিলেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে জকসুর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মচারী এবং তরুণ মেধাবী ও সম্ভাবনাময় ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, "আমরা মনে করি, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ আজ নিজেকে নিরাপদ মনে করতে পারছে না, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।"
উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.