
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার প্রায় সাড়ে আট ঘণ্টা পর তা বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রথম দফার এই পরীক্ষায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বর্তমানে পরবর্তী কারিগরি পরীক্ষাগুলো সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যখন প্রথমবারের মতো কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগ স্থাপনের মাত্র ২৯ মিনিটের মাথায় উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির করা হয় এবং পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। এই কার্যক্রমের উদ্বোধনের সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, প্রক। এরপর পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দফার এই দীর্ঘ পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা সফলভাবে যাচাই করা হয়েছে। সংযোগ দেওয়ার পূর্বে গ্রিড ও জেনারেটরের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
ড. জাহেদুল হাসান আরও জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে আবারও বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ পরিস্থিতির প্রয়োজনে বাড়ানো বা কমানো হতে পারে। গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) সার্বিক সহযোগিতা করবে। কোনো কোনো পরীক্ষার খাতিরে ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখারও সম্ভাবনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে অগ্রসর হতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের প্রয়োজন হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুসারে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সময়কাল পার হলে রোসাটমের কাছ থেকে কেন্দ্রটির দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির ভেতর প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নির্ভর করবে ধারাবাহিক কারিগরি পরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের ওপর। উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ এই একক প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট পাবনার ঈশ্বরদীর রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে, যা পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.