জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেছে, যেখানে মাত্র ২ জন নারী সদস্য রয়েছেন। সোমবার (২ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
২০০৮ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। সেই হিসেবে ৩১ সদস্যের কমিটিতে অন্তত ১০ জন নারী সদস্য থাকা প্রয়োজন ছিল। এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ২৫ জন নারী সদস্য থাকলেও, কুড়িগ্রামের কমিটিতে নারীর অংশগ্রহণের এই স্বল্পতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া স্বীকার করেছেন, “নতুন দল হিসেবে আমরা এখনও নেতৃত্ব দেওয়ার মতো নারী সদস্য সংগ্রহ করতে পারিনি। আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। তখন আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে কমিটিতে নারী সদস্য অন্তর্ভুক্ত করবো। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি। পরবর্তী কমিটি করার সময় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।”
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণের বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আমাদের দলে নারীদের সর্বোচ্চ প্রতিনিধি রাখার চেষ্টা করা হয়েছে। নারীদের জন্য রাজনীতিতে কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করছি আমরা। আমাদের এখানে একজন সাধারণ সদস্য ও দলীয় প্রধানের মতামত সমান গুরুত্ব পাবে”।
তবে, কুড়িগ্রাম জেলার কমিটিতে নারীর অংশগ্রহণের এই স্বল্পতা এনসিপির নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটির ভবিষ্যৎ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.