কলম্বোতে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান বধ করলো বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮ দশমিক ৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ছিলেন সেরা বোলার। তিনি মাত্র ৩ দশমিক ৩ ওভারে ৩ মেডেনসহ ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট, মারুফা আক্তারও শুরুতে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট।
১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক মাত্র দুই রান করে আউট হন। এরপর রুবাইয়া হায়দার দারুণ ব্যাটিং করে দলকে স্বস্তি দেন। তিনি ৭৭ বলে ৫৪ রান করেন আটটি চারের সাহায্যে এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
অধিনায়ক নিগার সুলতানা করেন ২৩ রান। যদিও বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু দলের জয়ের জন্য যথেষ্ট ছিল তার ইনিংস। শেষ দিকে সোবহানা মোস্তারির ঝোড়ো ২৪ রান (১৯ বলে ৬ চার) দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়।
বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১ দশমিক ১ ওভারে জয় নিশ্চিত করে ১৩১ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ আট ওভারে ১৪ রান দিয়ে ১, ফাতিমা সানা ৮ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান। এ ছাড়া রামিন শামিম ৫ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.