কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি বিদেশি জি-৩ রাইফেলসহ দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ডাকাত ও মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ ও এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাংয়ের সদস্যরা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.