কক্সবাজারের টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কালা মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে তাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি বিক্রি ও ভাগাভাগি নিয়ে কালা মিয়ার সঙ্গে তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের বিরোধ চলছিল। পরিবারের অভিযোগ, জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য তারা বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন দুই ছেলে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
নিহতের বড় মেয়ে এলম বাহার দাবি করেন, তার ভাই মনিরুল আলম তাদের বাবাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। পরে রাত ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, জমির কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য তার স্বামীকে মারধর করা হয়েছে এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, জমি নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আগে থেকেই তাদের নজরে ছিল।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.