
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত আরও বিস্তৃত করা হবে কি না, সেই বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংঘাতের প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’। তার এই মন্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কতটা স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটদের বিজয় যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ওপর কংগ্রেসের নজরদারিকে আরও জোরালো করতে পারে। তবে বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, নতুন কংগ্রেস ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্প সামরিক অভিযানকে বড় মাত্রায় জোরদার করতে পারেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অতিথি মন্তব্য করেছেন, আগামী দুই মাসের মধ্যে ট্রাম্প ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন। যদিও অন্য বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যে যুদ্ধ থেমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানে কিছুটা অস্পষ্টতা ও অসঙ্গতিও দেখা যাচ্ছে।
একদিকে তিনি সামরিক অভিযান আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন কোনো হামলার পরিকল্পনা এই মুহূর্তে নেই বলেও দাবি করেছেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত বড় আকারের হামলার পরিকল্পনা না থাকলেও প্রয়োজনে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সামরিক সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তটি সঠিক ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে আলাপকালে তিনি স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পেছনে যুদ্ধের একটি প্রভাব ছিল। তবে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকেই ডেমোক্র্যাটদের জয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমার ধারণা এর মূল কারণ পেট্রলের দাম। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.