মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এর আগে ইরানকে একটি সমঝোতায় পৌঁছাতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা প্রায় শেষ।
এখন তাদের হাতে মাত্র ৪৮ ঘণ্টা রয়েছে। এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু সেটি পাত্তা দিচ্ছে না তেহরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, একটি ‘বিশ্বস্ত সূত্রের’ মাধ্যমে তারা জানতে পেরেছে, ওয়াশিংটন ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল, যা ইরান গ্রহণ করেনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি ‘বন্ধু রাষ্ট্রের’ মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছানো হয়। তবে সেই রাষ্ট্রের নাম প্রকাশ করা হয়নি।
তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত জবাব না দিলেও সামরিক তৎপরতা জোরদার করেই তাদের অবস্থান স্পষ্ট করছে বলে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান হামলার মুখে পড়ায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ট্রাম্পের হুমকি ও তেহরান নারাজির মধ্যে অবশ্য জানা গেছে, ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট এবং তাদের মিত্ররা এ রুট ব্যবহার করতে পারবে না।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.