রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনের ধোলাইপাড়া থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
আইন অমান্য করায় সাতজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ জানায়, মগবাজার মোড় থেকে বাংলামোটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ পার্কিংয়ের দায়ে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, পল্লবী জোনের কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় অভিযানে ছয়জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগ ইন্দিরা রোড এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।
ট্রাফিক গুলশান বিভাগ জানায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.