এসএমসি প্লাস ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট ৩.০-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-কে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতার নির্ধারিত চারটি রাউন্ড শেষে অনুষ্ঠিত এ পর্বে শক্তিশালী যুক্তি উপস্থাপনার মাধ্যমে জয় নিশ্চিত করে রুয়েট দল।
এবারের বিতর্কের মূল বিষয় ছিল—“বাংলাদেশে ভোক্তারা পণ্যের গুণগত মানের চেয়ে সুবিধাকে বেশি গুরুত্ব দেয়”। এ বিষয়ে ‘পক্ষে’ অবস্থান নিয়ে রুয়েট দল জোরালো ও তথ্যসমৃদ্ধ যুক্তিতর্ক উপস্থাপন করে বিচারকদের মনোযোগ আকর্ষণ করে।
দলের নেতৃত্ব দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মুনতাসির রহমান। দলের অন্য সদস্যরা হলেন পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ মাহমুদ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাওতুল উমাম। বিতর্কে চমৎকার বাচনভঙ্গি, যুক্তির গভীরতা এবং তথ্যবহুল উপস্থাপনার জন্য আবিদ মাহমুদ পর্বের ‘সেরা বক্তা’ নির্বাচিত হন।
সেমিফাইনালে উত্তরণের অনুভূতি জানতে চাইলে আবিদ মাহমুদ বলেন, “জীবন অনেকটা জটিল সমীকরণের মতো। তবে স্বপ্ন আর সাহস সেই সমীকরণকে লগ-লগ গ্রাফের মতো সরলরেখায় রূপ দেয়, যেখানে প্রতিটি চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দিকনির্দেশনা হয়ে ওঠে।”
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড করপোরেট সেলস মো. শারফুদ্দিন ভূঁইয়া (শ্যামল) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) দিতিপ্রিয়া রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. আবদুল্লাহ।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ-এর আয়োজনে এবং ইস্পাহানি মির্জাপুর চা ও ওয়ালটনের সহযোগিতায় এই ডিবেট ফেস্ট পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিপণনভিত্তিক বিশ্লেষণধর্মী বিতর্কচর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে এই আয়োজন সমাদৃত হয়েছে।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে জয়ের পর আগামী ১৮ এপ্রিল রাত ৯টায় সেমিফাইনালে চট্টগ্রাম মেডিকেল কলেজের মুখোমুখি হবে রুয়েট। এই সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে যুক্তিনির্ভর বিশ্লেষণ ও সমসাময়িক বিপণন ভাবনায় নিজেদের সক্ষমতা আরও একবার প্রমাণ করল রুয়েট।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.