মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পালকি পরিবহন ও হানিফ পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এক পাশে ‘পালকি পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসটির চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকার দিকে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়।
এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর বলেন, বিকেল ৩টায় ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আবু জাফর আরো বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.