প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৫:৪২ এ.এম
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা আজ

রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয় “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়”-এর প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মঙ্গলবার, ২৭ মে থেকে। অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা অনুষ্ঠিত হবে ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সভায় ইউজিসির নীতিনির্ধারক, সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। এই সভার মাধ্যমেই অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যাপক ইলিয়াস। তিনি বলেন, “আমরা আশাবাদী, এই সভা থেকে একটি স্পষ্ট দিকনির্দেশনা আসবে। এরপর প্রজ্ঞাপন জারি করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।” ভর্তি পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন, কারণ বর্তমানে সাত কলেজের নিজস্ব কোনো ভর্তি কাঠামো নেই।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় সম্পর্কে অধ্যাপক ইলিয়াস জানান, “আমাদের লক্ষ্য আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা। তবে দ্রুত পরিবর্তনের আশা না করে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে।”
নতুন বিশ্ববিদ্যালয়ের গঠন কাঠামো সম্পর্কেও জানতে চাওয়া হলে তিনি জানান, “এই বিষয়ে কাজ এখনো শুরু হয়নি। কালকের সভা থেকেই সেই কার্যক্রম শুরু হবে। ইউজিসি ইতিমধ্যেই কিছু প্রাথমিক কাজ করেছে এবং তাদের দিকনির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রশাসনের নেতৃত্বে রয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.