
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অন্তত পাঁচটি ভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক এই বিস্ফোরণগুলোর শব্দে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং সিনেট ভবনের সামনের এলাকা ছাড়াও জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে শিক্ষার্থী ও স্থানীয়রা ঘিরে ধরেন। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তারা হাতেনাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের শাহবাগ থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসি এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার নেপথ্যে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শিক্ষার্থীদের সহায়তায় আটক দুই ব্যক্তিকে প্রক্টর অফিসে নেওয়ার পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি উদঘাটনে সিসিটিভি ফুটেজগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.