
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পৃথক ঘটনায় অসুস্থ হওয়ার পর তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে একজনের মৃত্যু হয় এবং অন্যজনকে হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত দুই ব্যক্তি হলেন জাহাঙ্গীর হোসেন (৫৭) ও শাহ আলম (৪১)।
কারা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী সাকিল আহমেদসহ কয়েকজন তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে জিআর ৯৬৫৫/২৬ নম্বর মামলায় পুরোনো আইনের ৮৯ ধারায় মামলা ছিল। তিনি দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা সলিম মিয়ার ছেলে।
অন্যদিকে, একই রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় শাহ আলমকে। তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৃত খোকা মিয়ার ছেলে শাহ আলমের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, মৃত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.