
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়েছে। বৈঠকের শুরুতে স্পিকার স্বাগত বক্তব্য রাখেন এবং এরপর চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সংসদ শোক প্রস্তাব গ্রহণ করে। প্রয়াতদের মধ্যে রয়েছেন সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান, বিশিষ্ট সাংবাদিক আমির খসরু এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনের বৈঠক শুরু হবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর এই অধিবেশন শেষ হবে। প্রয়োজনে সময় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা হলো: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। বর্তমানে চতুর্থ অধিবেশনে উপস্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.