
সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হতে যাওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় অর্পিত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত হবে এবং এখানে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত জানুয়ারিতে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে। নিয়মিত প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা এই অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
অধিবেশনের সময়সূচি ও কার্যপদ্ধতি নির্ধারণে রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে।
চলতি অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে সরাসরি উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এদিকে সংসদ বিষয়ক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার একটি প্রস্তাব তুলে ধরলে উপস্থিত সদস্যরা তাতে সমর্থন জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.