কক্সবাজারের টেকনাফে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের এপিবিএন ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। বিষয়টি রাত ৯টার দিকে নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-২২-এর সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুর অভিযোগ করেন, তার মেয়ে ইয়াছমিন আকতার (১৭) এবং একই ব্লকের বাসিন্দা ফরিদ আলমের মেয়ে ফরমিন আরা (১৬)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাঠানোর উদ্দেশ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পর দুই কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে এপিবিএন। একপর্যায়ে একটি টহল দল ক্যাম্প-২২-এর এ/১ ব্লকের বাসিন্দা জাফর আলমের বাড়িতে যায়। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, জাফর আলমের মেয়ে তসমিন আরা (১৮) এবং ওই দুই কিশোরী একসঙ্গে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।
পরে জাফর আলমের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুর দেড়টার দিকে তসমিন আরা ও দুই কিশোরী উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে ফিরে আসে।
পরে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এপিবিএনকে জানায়, তারা নিজেরাই ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরার সঙ্গে ক্যাম্প-২২ থেকে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।
এপিবিএন সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াছমিন আকতার ও ফরমিন আরা দুজনই ক্যাম্প-২২-এর সি/১ ব্লকের বাসিন্দা।
ঘটনাটি নিয়ে হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পেছনে কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এপিবিএন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.