শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উপলক্ষে চাহিদার চেয়ে এক কোটি টাকা করে বেশি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিও বাড়ছে।
এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিলো। কিন্তু আজকে প্রধানমন্ত্রী ওই দিনও (২২ অক্টোবর) ছুটি ঘোষণা করেছেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিতদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।
দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চার কোটি টাকা অনুদান চেয়েছিলো। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় এবার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে কঠিন চীবর দানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুই কোটি টাকার চাহিদার বিপরীতে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান দেওয়া হয়। এবার সেই বরাদ্দ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও একইভাবে চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, অনুদানের ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি বরাদ্দ এবং ছুটির সুযোগ বাড়ানো বিভিন্ন সম্প্রদায়ের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.