
দেশের বিভিন্ন প্রান্তে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা রোধে সারা দেশে পুলিশি তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও সব রেঞ্জ ডিআইজিরাও যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে বলেছেন আইজিপি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে বলা হয়েছে।
অভিযানের সময় সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেছেন আইজিপি। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ফরিদপুর এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.