
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে পা রাখার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত সকল দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরার পর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্বচ্ছ এবং এতে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি এবং হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে, হাতকড়া পরেই আসতে হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিমান বা হেলিকপ্টার পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব আলোচনার কোনো ভিত্তি নেই। রয়টার্সের মতো প্রতিষ্ঠানের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে আনতে বাস, গাড়ি, রিকশা বা অন্য কোনো বাহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কারো সাথেই কোনো আলোচনা হয়নি। কে কোথা থেকে এসব খবর ছড়াচ্ছে, তা নিয়ে সময় নষ্ট করা অনর্থক বলে তিনি মন্তব্য করেন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে খবর প্রচার হয়েছে, তাকে 'পলিটিক্যাল স্টান্ট' হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, 'আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব।' এছাড়া শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি সুবিধা দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে শামা ওবায়েদ বলেন, তিনি নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন।
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা রাখে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সেটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে ভারত সরকারের সাথে বাংলাদেশ নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে কাজ করছে। দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাংবাদিকরাও তার বর্তমান অবস্থান বা প্রকাশ্য উপস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পেয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এখন আবার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করছেন।
একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেন। ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের কঠোর অবস্থান অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানোই চূড়ান্ত সিদ্ধান্ত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.